৩২ কিলোমিটার সড়কে স্মার্ট এলইডি বাতি স্থাপন করবে চসিক

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম

বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম শহরের প্রায় ৩২ কিলোমিটার সড়কে স্মার্ট এলইডি বাতি স্থাপন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ১৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় ১০টি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।  

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরীতে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে।

রবিবার (২৯ জুন) নগরীর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগরী গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ।

এই স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও তত্ত্বাবধান করা যাবে, যার ফলে আলো চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শাফকাত বিন আমিন, প্রকল্পের আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান, সহকারী প্রকৌশলী অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, রূপক চন্দ্র দাশ, এনামুল হক, কামাল হোসেন, সালাহ উদ্দিন ইউসুফ মজুমদার, ঠিকাদারী প্রতিষ্ঠান ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার রুজেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত