গত সপ্তাহে টানা ১২ দিনের যুদ্ধ শেষে সংঘাত থামিয়েছে ইরান ও ইসরায়েলে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর চলমান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ইসরায়েল মানবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুররহিম মুসাভির বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আমরা এই যুদ্ধ শুরু করিনি, কিন্তু আগ্রাসনের জবাব আমরা সর্বশক্তি দিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে শত্রুপক্ষের প্রতিশ্রুতি, বিশেষ করে যুদ্ধবিরতির প্রতি তাদের আনুগত্য নিয়ে গভীর সন্দেহ রয়েছে। যদি আবার আক্রমণ চালানো হয়, আমরা শক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার ছয়দিন পর এমন মন্তব্য করেছে ইরান।
রবিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরান জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতের জন্য দায়ী হিসেবে স্বীকৃতি দেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চিঠিতে লেখেন, আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই নিরাপত্তা পরিষদ যেন ইসরায়েলি শাসন ও যুক্তরাষ্ট্রকে আগ্রাসনের সূচনাকারী হিসেবে স্বীকৃতি দেয়। তাদের পরবর্তী দায়িত্ব—ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায় যেন তারা স্বীকার করে।
