মেসির সবকিছু 'লুট' করে দারুণ খুশি দেম্বেলে

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

ফুটবলে গোল না করলে কেউ মুখ ভার করে বসে থাকে? ওসমান দেম্বেলে কিন্তু তার একেবারে উল্টো উদাহরণ! ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল-অ্যাসিস্টে নাম না থাকলেও, দেম্বেলেকে দেখে কে বলবে তিনি হতাশ?

ম্যাচ শেষে একেবারে ‘সোনায় সোহাগা’ মুহূর্ত। পুরনো বার্সা সতীর্থ লিওনেল মেসির কাছ থেকে শুধু জার্সি নয়, চড়াই করে নিয়ে নিয়েছেন শর্টস আর বুটও! মানে পুরো মেসি-প্যাকেজ! এরপর আবার লুইস সুয়ারেজ ও জর্দি আলবার কাছ থেকেও সংগ্রহ করে ফেলেছেন তাদের ম্যাচ জার্সি।

ইনস্টাগ্রামে হাসিমুখে দেম্বেলের পোস্ট যেন বলে দিচ্ছে—"গোল পাইনি, তাতে কী? আমার আজকের 'লুট'ই সেরা!" ছবিতে দেখা যাচ্ছে, মেসির সঙ্গে আলিঙ্গনরত দেম্বেলে, হাতে মেসির নাম লেখা কিট, আর ক্যাপশনে ভালোবাসার বার্তা—

"সর্বকালের সেরা লিও মেসি। আবার দেখা হলো, আবার স্মৃতি ফিরল। ইন্টার মায়ামিতে তোমার যাত্রা ইতিহাস গড়ুক, সেই কামনা করি।"

 দুজনের বন্ধুত্বে বার্সার সেই সোনালী দিনের ছায়া। ২০১৭-২১— চার বছর একসঙ্গে খেলে কত যে স্মৃতি! মাঠের প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে একে-অপরের প্রতি এমন ভালোবাসা সত্যিই বিরল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত