কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে, যার প্রায় দুই-তৃতীয়াংশ ব্যয় ধরা হয়েছে কেবলমাত্র বেতন, ভাতা ও পেনশন খাতে। এ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৭ কোটি ৭৭ লাখ টাকা, যা মোট বাজেটের ৬২.৭৫ শতাংশ।
গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৪তম সভায় এই বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মো. হায়দার আলী।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান প্রস্তাবিত বাজেট তুলে ধরেন। এতে ৯২ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকার চাহিদা থাকলেও অনুমোদন দেওয়া হয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬ কোটি ৬০ লাখ টাকা। সভায় ২০২৪–২৫ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।
নতুন বাজেট অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৬৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৭ কোটি ১০ লাখ টাকা আসবে। আগের বছরের তুলনায় ইউজিসি থেকে প্রাপ্ত অনুদান ৬ কোটি ৫০ লাখ টাকা বেড়েছে, যা কুবির আর্থিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
গবেষণাখাতে এবার বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৩.৮৫ শতাংশ। গতবার এ খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৬১ লাখ টাকা। অন্যদিকে পণ্য ও সেবাখাতে ২৬.৪৯ শতাংশ এবং মূলধন অনুদানে ৬.৯১ শতাংশ বরাদ্দ রয়েছে।
ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি ও মেধাবৃত্তি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যার অর্থ সরকারি অনুদান থেকে জোগান দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজেটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণাভিত্তিক রূপ দিতে এ নীতিমালার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
বাজেট অনুমোদনের পর উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন হবে।’
ট্রেজারার অধ্যাপক সোলায়মান বলেন, ‘২০০৭–০৮ সালে কুবির বাজেট ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। তা থেকে আজ ৭৬ কোটি টাকায় পৌঁছেছে। এটি ধারাবাহিক উন্নতির ইঙ্গিত।’
সভায় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অধ্যাপক ড. সাব্বির আহমেদ, অধ্যাপক ড. মো. সেলিম রেজা, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুর রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
রংপুরের জামায়াত নেতাকর্মীদের আবু সাঈদের কবর জিয়ারত
মেরুলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা