টেস্ট সিরিজে হারের হতাশা কাটিয়ে ওয়ানডের মঞ্চে নতুন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।
সিরিজে নামার আগে র্যাঙ্কিংয়েও রয়েছে চাওয়া-পাওয়ার সমীকরণ। বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনাও প্রবল—সিরিজে মাত্র একটি ম্যাচ জিতলেই নবম স্থানে উঠে যাবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তখন রেটিং পয়েন্ট সমান (৭৭) হলেও ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকবে বাংলাদেশ, ফলে স্বাভাবিকভাবেই পেছনে ঠেলে দেওয়া যাবে ক্যারিবীয়দের।
তবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও নবম স্থানের ওপরে যাওয়া সম্ভব নয়। তিন ম্যাচে জয় পেলেও সর্বোচ্চ রেটিং গিয়ে দাঁড়াবে ৮৩—যা নবম স্থানেই আটকে রাখবে দলকে। অপরদিকে, সিরিজে শূন্য হাতে ফিরলে রেটিং কমে হবে ৭৪, যা বাংলাদেশকে দশম স্থানেই আটকে রাখবে।
অন্যদিকে, শ্রীলঙ্কা এখন র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে, ১০৪ রেটিং নিয়ে। সিরিজে একটি ম্যাচও হারলে তারা নেমে যাবে পঞ্চম স্থানে। বর্তমান অবস্থান ধরে রাখতে হলে লঙ্কানদের করতে হবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ।
তাই মাঠের লড়াইয়ের সঙ্গে সঙ্গে র্যাঙ্কিংয়েও চলছে পয়েন্টের সূক্ষ্ম হিসাব। আজ থেকেই শুরু হচ্ছে সেই উত্তাপ।
ষোলো রাউন্ড শেষে ক্লাব বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় শীর্ষে ডি মারিয়া
আগস্টে ভারতের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির