ঋতুর জোড়ায় মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের সবচেয়ে জমজমাট ম্যাচ। স্বাগতিক মিয়ানমারের মুখে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে প্রথমার্ধেই দারুণ গোলে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধে একক প্রচেষ্টায় আরও একটি চোখধাঁধানো গোল করেন এ ফরোয়ার্ড। দুই অর্ধেই দুর্দান্ত কয়েকটি সেভে ৮৯ মিনিট পর্যন্ত বাংলাদেশের গোলবার অক্ষুণ্ন রাখেন রুপনা চাকমা। শেষ দিকে মিয়ানমার এক গোল শোধ করলেও, ২-১ গোলের জয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার দরজা প্রায় খুলেই ফেললো বাংলাদেশ। শেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে সামনের বছর অস্ট্রেলিয়া। 

শারীরিক শক্তিতে এগিয়ে থাকা মিয়ানমার শুরু থেকেই তা প্রদর্শন করতে থাকে। নিজেদের রক্ষণও ব্যাপকভাবে জমাট করে রাখে তারা। আর লম্বা পাসে আক্রমণের ফন্দি সাজায় মিয়ানমার। তার বিপরীতে বাংলাদেশ বার বার অফসাইডের ফাঁদে ফেলেছে মিয়ানমারকে। তবে আক্রমণে সেভাবে সুবিধা করতে পারছিল না। ১৮ মিনিটে ঠিক বক্সের বাইরে শামসুন্নাহার জুনিয়রকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মিয়ানমার ডিফেন্ডার খিন মিউ তুন। পরের মিনিটে ফ্রি কিক নিতে আসেন ঋতুপর্ণা চাকমা। প্রথম শটটি মানব দেয়ালে ঠেকে গেলেও রিবাউন্ডে পাওয়া বলে দুর্দান্ত আরেকটি শট নেন ঋতু। যার জবাব ছিল না মিয়ানমারের রক্ষণ কিংবা গোলরক্ষকের কাছে। বারের বাঁ প্রান্তের জাল খুঁজে নেয় ঋতুর সেই শট। রুপনার অসাধারণ কয়েকটি সেভে ১-০ গোলে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কমে আসে কিছুটা। তবুও আক্রমণ-প্রতি আক্রমণ জারি থাকে। ৬৩ মিনিটে তহুরার জায়গায় সুলতানা এবং স্বপ্নার জায়গায় মুনকিকে মাঠে নামান কোচ বাটলার। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ঋতুর ক্রসে মনিকা পা ছোঁয়ালেও বল যায় বারের উপর দিয়ে। তবে ৭১ মিনিটে ডিফেন্ডারের ভুল পাসে দৌড়ে গিয়ে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় সামনে গিয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শট নেন ঋতু।  সেই শট গোলকিপারের মাথার উপর দিয়ে গিয়ে থামে মিয়ানমারের জালে। ২ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 

৭৭ মিনিটে গোল খেতে পারতো বাংলাদেশ। আবার রুপনার বীরত্ব। একবার পরাস্ত হয়েও দ্বিতীয় চেষ্টায় বদলি মিয়াত খিনে পা থেকে বল কেড়ে নেন রুপনা। মাঝে দুবার গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন বদলি নামা সুলতানা। ৮৯ মিনিটে গোল শোধ করে মিয়ানমার। থ্রু পাসে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে সুন্দর ক্রস বাড়ান সান থাউ। ওই ক্রসে পা ছুঁয়ে এক গোল শোধ করেন বদলি নামা মিডফিল্ডার উইন উইন। বাকি সময়ের কোনো প্রচেষ্টা আর সফল হয়নি দুই দেশেরই।

২-১ গোলের এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১ পয়েন্ট পেলেই গ্রুপসেরার অবস্থানের সঙ্গে নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ায় ২০২৬ সালে নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা।

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত