নিহত ৮

তাপপ্রবাহে ইউরোপে জরুরি সতর্কতা, রেড অ্যালার্ট জারি

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

তীব্র গরমে ইউরোপজুড়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী, ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ৮ জন মারা গেছেন। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শুরু হয়েছে দাবানল, বন্ধ হয়ে গেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কিছু রিঅ্যাক্টরও।

তাপপ্রবাহে সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে স্পেনে। দেশটির কাতালোনিয়া অঞ্চলের স্থানীয় প্রশাসন ১৪ হাজার মানুষকে ঘরের বাইরে না যেতে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লিয়েদা প্রদেশে ইতোমধ্যে দুটি দাবানলের সূত্রপাত হয়েছে। এর মধ্যে একটি ছড়িয়ে পড়েছে কসকো শহরের কাছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার ওই এলাকায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের তথ্যে আরও জানা যায়, মঙ্গলবারের দাবানলে অঞ্চলটির প্রায় ৪০ কিলোমিটার এলাকা পুড়ে গেছে।

স্প্যানিশ প্রশাসনের তথ্যমতে, এক্সত্রামাদুরা ও করডোবা প্রদেশে অতিরিক্ত গরমে আরও দুজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি বছর দেশটি ইতিহাসের অন্যতম উষ্ণ জুন মাস পার করছে—তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।

ফ্রান্সও একই অবস্থা মোকাবিলা করছে। দেশটি বলছে, ২০০৩ সালের পর এবারই সবচেয়ে গরম জুন পার করছে তারা। ফরাসি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বুধবার অতিরিক্ত গরমে সেখানে দুজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন শহরে প্রায় ৩০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দেশজুড়ে বহু এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ফরাসি আবহাওয়া বিভাগ।

ইতালিতেও গরমে প্রাণ হারিয়েছেন দুইজন, যাদের বয়স ৬০ বছরের বেশি। এদিকে জার্মানিতেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তাপমাত্রা।

তীব্র গরমের পাশাপাশি ইউরোপের বেশ কিছু এলাকায় প্রবল ঝড়ের আশঙ্কাও করা হচ্ছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত