১২ লাখ টাকা বেতন পাবেন পেরুর প্রেসিডেন্ট, ন্যূনতম মজুরির ৩০ গুণ বেশি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

পেরুর রাষ্ট্রপতি দিনা বোলুয়ার্তর বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। বুধবার রাতের এ ঘোষণার পর বোলুয়ার্তর বেতন এখন ১০ হাজার ডলার (১২ লাখ ২৮ হাজার টাকা), যা আগে ছিল ৪ হাজার ৪০০ ডলার (৫ লাখ ৪০ হাজার টাকা) সমপরিমাণ। খবর বিবিসি

দেশটির অর্থমন্ত্রী এক ঘোষণায় জানান, প্রেসিডেন্ট বোলুয়ার্তের বেতন ৩৫ হাজার ৫৬৮ সোল (১০ হাজার ৬৭ ডলার) করা হয়েছে।

এদিকে বিবিসি বলছে, পেরুর ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ২৫ সোল, যা প্রেসিডেন্টের বেতনের চেয়ে প্রায় ৩০ গুণ কম।

অর্থমন্ত্রীর এমন ঘোষণা পেরুভিয়ানদের ক্ষুব্ধ করেছে, তারা বলছে— এই অর্থ দারিদ্র্য দূরীকরণে আরও ব্যয় করা যেত।

এর আগে ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া তার বেতন ৪২ হাজার সোল থেকে কমিয়ে ১৫ হাজার ৬০০ সোল (৪ হাজার ৪০০ ডলার) করেন।

অর্থমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর হবে। সরকার এই বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে বলছে, ল্যাটিন আমেরিকা জুড়ে ১২ দেশের প্রেসিডেন্টের তুলনায় বোলুয়ার্তর বেতন ১১তম।

বোলুয়ার্তর বেতন বৃদ্ধির এ ডিক্রিকে অমানবিক বলছেন অনেকে। তাদের মতে, যখন মানুষ খেতে পারছে না, তখন নিজের বেতন বাড়ানো অপরাধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত