পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস (Nazca Lines) আকাশ থেকে দেখাতে নিয়ে যাওয়া একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন পাইলট রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় শনিবার দক্ষিণ পেরুর ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের অধিকাংশ যাত্রীই পর্যটক ছিলেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে সাংবাদিকদের বলেন, বিমানে থাকা ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে উদ্ধারকাজ চালানোর সুযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি পেরুর দর্শনীয় স্থান ভ্রমণসেবা প্রতিষ্ঠান এরোডিয়ানা (Aerodiana)-এর বহরের একটি বিমান।
নাজকা লাইনস পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খ্রিষ্টপূর্ব ৫০০ থেকে খ্রিষ্টীয় ৫০০ সালের মধ্যে মাটির ওপর বিশাল আকৃতির এসব জিওগ্লিফ বা ভূমিচিত্র তৈরি করা হয়। ইউনেস্কো এগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কাল্পনিক অবয়ব ও দীর্ঘ জ্যামিতিক নকশার এসব চিত্র সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় আকাশ থেকে। গবেষকদের ধারণা, এগুলোর সঙ্গে প্রাচীন ধর্মীয় আচার বা জ্যোতির্বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সম্পর্ক ছিল।
পেরু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। মাচু পিচ্চু, কুসকোর ইনকা নিদর্শন এবং নাজকা লাইনস দেখতে প্রতিবছর লাখো পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। দেশটির বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪১ লাখের বেশি বিদেশি পর্যটক পেরু সফর করেন।
