বাংলাদেশের ক্রিকেটের দুঃসময় কাটানোর উপায় বললেন জয়াসুরিয়া

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০১:২৬ পিএম

পঞ্চপাণ্ডবের যুগ শেষে বাংলাদেশের ক্রিকেটে এখন চরম দুরাবস্থা চলছে। তিন ফরম্যাটের কোনোটিতেই এখন বাংলাদেশ আর সমীহ জাগানিয়া দল নয়। জিম্বাবুয়ে, আরব আমিরাতের মতো দুর্বল প্রতিপক্ষের কাছেও হেরে যাচ্ছে। চলতি শ্রীলঙ্কা সিরিজেও দলের অবস্থা করুণ। এটাকে ট্রানজিশন পিরিয়ড হিসেবে ব্যখ্যা করেছেন লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। এই দুঃসময় কাটানোর উপায়ও বলে দিয়েছেন সাবেক এই সুপারস্টার।

‘মাতারা হারিকেন’ খ্যাত জয়াসুরিয়া বলেছেন, ‘সব দলকেই ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হবে। শ্রীলঙ্কাও কয়েক বছর আগে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। এটাকে জয় করাটাই জরুরি। তবে সবাইকে সুযোগ এবং আত্মবিশ্বাস দিতে হবে। যদি তাদের চাপ দিতে থাকেন তাহলে তারা চাপে পড়ে যাবে। ফলে তাদের আত্মবিশ্বাস দিতে হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে পারলে যেকোনো দলই এটা উৎরে যেতে পারবে।’

প্রথম ওয়ানডেতে রান তাড়ায় নেমে ভালো শুরুর পর মাত্র ৫ রানের মধ্যে ৭ উইকেট হারায় বাংলাদেশ! এই ব্যাটিং ধসেও খুব একটা বিস্মিত নন জয়াসুরিয়া, ‘এটা শ্রীলঙ্কার সঙ্গেও হয়েছে। যেকোনো দলের সঙ্গেই এমনটা হতে পারে। যতক্ষণ পর্যন্ত দলের অধিনায়ক, ম্যানেজমেন্ট তাদের আত্মবিশ্বাস দেবে, ততক্ষণ চাপমুক্ত থাকবে তারা। অবশ্যই তারা চাপের মধ্যে পড়বে, এটা সহজ কাজ নয়। ফলে যতক্ষণ বিশ্বাস রাখবেন ততক্ষণ তাদের জন্য সহজ হবে।’

আজ শনিবার দ্বিতীয় ওয়ানডের ভেন্যু নিয়ে লঙ্কান কোচের বক্তব্য, ‘কন্ডিশন ভালো। এখানে গরম অনেক। গ্রাউন্ড উইকেট আউটফিল্ড সবকিছুই দারুণ। অনেক ফাস্ট। আবহাওয়া তো আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি ভেবেছিলাম আমরা (প্রথম ওয়ানডেতে) যদি আরও বেশি কিছু রান করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। শুরুতে আমরা সংগ্রাম করেছি। পরে ২৪৫ রানের টার্গেট দিয়ে তাদের চাপে ফেলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত