বিবাহবার্ষিকীতে ধোনিকে প্রতিজ্ঞার কথা মনে করালেন সাক্ষী

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:০০ এএম

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী সিংয়ের দাম্পত্য জীবন ১৬ বছরে পা রাখল। ২০১০ সালের ৪ জুলাই বিয়ে করেছিলেন তারা। গতকাল শুক্রবার এই বিশেষ দিনে ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে একটি বিশেষ বার্তা দিয়েছেন সাক্ষী। মনে করিয়ে দিয়েছেন কোনো এক প্রতিজ্ঞার কথা।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দুজনের একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী, যে ছবিতে দুজনে হাত ধরে আছেন। তবে কারও মুখ দেখা যাচ্ছে না। ক্যাপশনে সাক্ষী লিখেছেন, ‘আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম। তার ১৬তম দিন’। তবে কী প্রতিজ্ঞা করেছিলেন –সেটা অবশ্য নিজেদের মাঝেই রেখেছেন সাক্ষী। এতে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। তারা কমেন্টে সাক্ষীকে অনুরোধও করছেন, প্রতিজ্ঞা ফাঁস করে দেওয়ার জন্য।

ধোনি-সাক্ষীর একমাত্র কন্যার নাম জিভা। বিয়ের প্রায় সাড়ে চার বছর পর ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি জিভার জন্ম হয়েছিল। ২০১৯ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ধোনি। এরপর থেকে শুধুই আইপিএল খেলে যাচ্ছেন। প্রতি আসরেই গুঞ্জন শুরু হয়, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। কিন্তু চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিনি একের পর এক আসর খেলে যাচ্ছেন। এমনকী আগামী আসরেও ধোনিকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত