গ্লেন ম্যাক্সওয়েল মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং, চার-ছক্কার ঝড়। তবে মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওর্কাসের বিপক্ষে ব্যাটিংয়ে না নেমেই ম্যাচসেরার পুরস্কার জিতে নিলেন ওয়াশিংটন ফ্রিডম অধিনায়ক ম্যাক্সওয়েল। বল হাতে ১২ রানে ৩ উইকেট শিকার করে তিনি এই পুরস্কার জিতেছেন। গত বছরের জুলাইয়ে এই টুর্নামেন্টেই ব্যাটিং না করে ম্যাচসেরা হয়ে ম্যাক্সওয়েল বলেছিলেন, ‘ব্যাটিং না করেই ম্যাচ-সেরা, আই অ্যাম অ্যাবসলিউটলি লাভিং ইট’।
ম্যাক্সওয়েলের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে সিয়াটল ওর্কাস মাত্র ৮২ রানে অল-আউট হয়ে যায়। অজি তারকার পাশাপাশি এদিন বল হাতে জ্বলে ওঠেন যুক্তরাষ্ট্রের তারকা পেসার সৌরভ নেত্রাভালকার। বাঁহাতি পেস আক্রমণে তিনি ১৩ রানে ৩ উইকেট শিকার করেন। এক রান কম খরচ করায় এবং ম্যাচে বোলিং ইমপ্যাক্ট ফেলায় ম্যাক্সওয়েলের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
গত ১৪ জুলাই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন ম্যাক্সওয়েল। এই নিয়ে এই সংস্করণে ৪৫ বার ম্যাচসেরা হয়েছেন। তবে ব্যাটিং না করেই ম্যাচ-সেরা হলেন স্রেফ এই দুবার। টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচসেরা হওয়ার রেকর্ডে ম্যাক্সওয়েল আর ইংল্যান্ডের অ্যালেক্স হেলস যৌথভাবে আছেন দ্বিতীয় স্থানে। ৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যাচসেরা হয়ে শীর্ষে আছেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
ছোট্ট টার্গেট তাড়ায় ৬৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ম্যাক্সওয়েলের দল। পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান এখন দুই নম্বরে। যদিও তারা আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে।
লিটন বাদ, তাসকিন বিশ্রামে, ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটের দুঃসময় কাটানোর উপায় বললেন জয়াসুরিয়া