জুলাই নিয়ে কটূক্তি, চাকরি গেল পুলিশ সদস্যের

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই নিয়ে এক পুলিশ সদস্য কর্তৃক কটূক্তি করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে বরখাস্ত করেছে জেলা পুলিশ প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্তের গঠিত ৩ সদস্যে তদন্ত রিপোর্টে সত্যতা পাওয়ায় পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করে চাকরিচ্যুতির সুপারিশ করা হয়েছে।

এর আগে গত ১ জুলাই সকালে পুলিশ সদস্য ফারজুল ইসলাম তার নিজ ফেসবুল আইডিতে ‘জুলাই’ কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস পোস্ট দেন। তবে সেটি খুব অল্প সময়ের মধ্যে আবার পোস্টটি ডিলিট করে দেন তিনি।

এ ঘটনায় পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখস্থ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের দাবি ছিল অবিলম্বে কটূক্তিকারী পুলিশ সদস্য ফারজুল ইসলামকে বরখাস্তসহ গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মহাসড়ক থেকে ছেড়ে উঠবেন না।

আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে গত ২ জুলাই দুপুরে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা বৈঠকের সিদ্ধান্তে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার হোসেন ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার এবং পুলিশ পরিদর্শক দেবাশীষ রায় সমন্বয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি করে দেওয়া হয়। দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত হয়। কমিটির দেওয়া তদন্ত রিপোর্টে অভিযোগের প্রাথমিক সত্যতার উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেন তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শিকদার হোসেন ইমাম।

‘জুলাই’ কটুক্তির দায়ে পুলিশ সদস্যকে বরখাস্তের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, ফ্যাসিবাদি দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত জুলাইকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কোনও সুযোগ নেই। পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনির বিরুদ্ধে নেওয়া এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।

কটূক্তিকারী পুলিশ ফারজুল ইসলাম তার ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে দাবি করেছিলেন তার ‘ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে’। 

বরখাস্ত ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটিতে গিয়ে আত্ম গোপনে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত