শেষ শ্রদ্ধায় জোটার কফিন বহন করলেন বন্ধু রুবেন নেভেস

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

ফুটবল বিশ্বের এক মর্মান্তিক শোকের দিনে শনিবার পর্তুগালের ছোট্ট শহর গনদোমারে অনুষ্ঠিত হলো দিয়োগো জোটা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার শেষকৃত্যানুষ্ঠান। বৃহস্পতিবার ভোররাতে স্পেনে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়। 

গনদোমারের ইগরেজা মার্তিজ গির্জায় অনুষ্ঠিত হয় তাঁদের শেষকৃত্য। সেখানে উপস্থিত ছিলেন জোটার বর্তমান ও সাবেক বহু সতীর্থ, ক্লাব ও জাতীয় দলের কর্মকর্তারা। লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, গোলকিপার কাওইমিন কেলিহার এবং নতুন ম্যানেজার আরনে স্লটসহ অনেকেই এসেছিলেন। তার কফিন বহন করে নিয়ে যান বন্ধু রুবেন নেভেস।

লিভারপুলের কোচ আর্নে স্লট, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এসেছিলেন শ্রদ্ধা জানাতে

তাঁদের হাতে ছিল দুটি ফুলের মালা—লিভারপুলের লাল রঙে তৈরি জার্সির আকারে। একটি মালায় সাদা ফুল দিয়ে লেখা ছিল ‘২০’—জোটার জার্সি নম্বর। আরেকটিতে ছিল ‘৩০’—জোটার ভাই আন্দ্রে সিলভার জার্সি নম্বর, যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন।

লিভারপুলের খেলোয়াড়রা জোটার ২০ জার্সি নম্বর, ভাই আন্দ্রে সিলভার ৩০ নম্বর জার্সির সম্মানে ফুলের তোড়া নিয়ে আসেন

কালো পোশাকে নীরবতার সঙ্গে গির্জায় প্রবেশ করেন খেলোয়াড়েরা। বাইরে অপেক্ষমান শত শত গনদোমারবাসী করতালি দিয়ে তাঁদের অভ্যর্থনা জানায়। 
জোটার স্ত্রী রুতে কারদোসো এসেছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে। স্তব্ধ আর শোকাবহ মুখে তিনি দাঁড়িয়েছিলেন তাঁদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে।
শেষকৃত্যানুষ্ঠান পরিচালনা করেন পোর্তোর বিশপ মানুয়েল লিন্ডা। তিনি এক আবেগঘন ভাষণে বলেন, “ভালোবাসায় গড়া সংহতি মৃত্যু থেকেও শক্তিশালী।”

 

জোটার জাতীয় দল সতীর্থদের মধ্যে উপস্থিত ছিলেন বার্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেস। বার্নার্দো বলেন, “জোটা সবসময় আমাদের হৃদয়ে থাকবে। প্রতিটি নাশতা, লাঞ্চ, ডিনার, জাতীয় দলের একত্রিত হওয়া, আমাদের প্লে-স্টেশন ম্যাচ কিংবা তাসের খেলায়ও জোটা থাকবে, থাকবে আমাদের মধ্যে।”

ফুল নিয়ে আসেন বার্নার্দো সিলভা

পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজা, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এবং জোটার এজেন্টও জানাজায় অংশ নেন। গনদোমারের ক্যাপেলা দা রেজুরেকায়োতে আগের দিন বিকেলে শত শত মানুষ ফুল, জার্সি ও স্কার্ফ রেখে শ্রদ্ধা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত