কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৫ জুলাই) সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান দুপুর দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিন খুনের ঘটনায় ঢাকার বনশ্রী এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার বিকেল পাঁচটায় ঢাকার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়। এরপর গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, গতকাল শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আরও দুজনকে আটক করা হয়। তাদেরও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাদের কুমিল্লার আদালতে হাজির করা হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।
মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন—খলিলুর রহমান ওরফে জুয়েলের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এ ঘটনায় গুরুতর আহত হন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দেন। রাত ১২টার দিকে সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে। এ ছাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া এবং স্থানীয় ব্যবসায়ী বাছির উদ্দিনসহ অনেকে মামলার আসামি হয়েছেন।
র্যাব বলেছে, এই ঘটনার পেছনে পরিকল্পিত হামলার ইঙ্গিত মিলেছে। বিস্তারিত জানাতে বিকেলের সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করা হবে।
পবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে: প্রধান উপদেষ্টা
প্রথমার্ধেই ৭ গোল, তুর্কমেনিস্তানকে কয় গোলে হারাবে ঋতুপর্ণারা