গাজীপুরের কালিয়াকৈরে একটি সড়ক থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধনগ্ন, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চন্দ্রা-সাহেবাবাদ সড়কের কালামপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা লাশটি দেখতে পান পথচারীরা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুরে ওই যুবকের লাশ প্রথম দেখতে পান কিছু পোশাক শ্রমিক। রক্তাক্ত ও বিকৃত অবস্থায় পড়ে থাকা মরদেহ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। এরপর কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নিহতের মরদেহ পাঠানো হয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, মরদেহের উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে গেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়ে রাফাল ভূপাতিতের কারণ জানালেন ফরাসি নির্মাতা