টানা মাঝারি ও ভারি বৃষ্টিপাতে কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে নগরীর প্রধান সড়ক ও অলিগলি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও দিনমজুরদের জীবন-জীবিকা।
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে বুধবার (৯ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সমনের সড়ক, বিসিক শিল্পনগরী, জেলা স্কুল সড়ক, ঈদগাহ, ছাতিপট্টি, দক্ষিণ চর্থা, কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া, ছায়া বিতান ও শুভপুরসহ নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। জলমগ্ন এসব এলাকায় চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, জলাবদ্ধতা এখন কুমিল্লা নগরীর প্রধান সমস্যা। এটা নতুন কিছু না। সিটি করপোরেশন প্রতিষ্ঠার আগেই এই দুর্ভোগ ছিল। ১৪ বছরেও সমাধান না হলে এ করপোরেশনের লাভ কী?
ছায়া বিতান এলাকার বাসিন্দা দেলোয়ার বলেন, এখনও সময় আছে, কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলুন। দখল-দূষণে সংকুচিত নদী-খাল পুনঃখনন করুন। না হলে আন্দোলনে যাব।
রিকশাচালক মিলন মিয়া বলেন, সড়কে পানি জমায় যাত্রী নেই, কামাইও নেই। রিকশার জমাও তুলতে পারছি না।
শিল্পনগরীর বাসিন্দা রিপন বলেন, বছরজুড়েই সড়ক পানিতে ভেজা থাকে। এতে শ্রমিকদের মালামাল আনতে-নিতে খুব কষ্ট হয়। অন্তত এই এলাকায় নজর দেওয়া উচিত।
এ বিষয়ে পরিবেশ আন্দোলন কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন বলেন, আমরা বহুবার বলেছি, কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্ষা গেলে করপোরেশনের লোকজন উধাও হয়ে যায়। লোক দেখানো কাজে কিছু হবে না।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন দেশ রূপান্তরকে বলেন, গত দুদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য কার্যক্রম চলমান। যেসব খাল-ড্রেনে প্রতিবন্ধকতা আছে তা চিহ্নিত করে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হাওয়াও ছিল। আগামী দুই একদিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
নগরবাসীর দাবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-নদী দখলমুক্ত করা ও যথাযথ পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।
৮০০ কোটি রুপি সিনেমায় দ্য রক
ভারী বৃষ্টিতে খুলনা নগরীতে জলজট, গ্রামে মাছ-ফসলে ক্ষতি
সেনাবাহিনীর জালে ধরা কিশোর গ্যাং/য়ের ১২ প্র/তা/রক