ভুল স্বীকার করে মোসাদ্দেকের কাছে ক্ষমা চাইলেন লিপু

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশারাফ হোসেন লিপু বলেছিলেন, ‘যতদিন মিরাজ দলে আছে, ততদিন মোসাদ্দেকের সুযোগ নাই।’ জাতীয় দলের একজন ক্রিকেটার সম্পর্কে এ ধরনের মন্তব্য সে সময় বেশ সমালোচনার জন্ম দেয়। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর সেই মন্তব্যের বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন লিপু। তিনি ইতোমধ্যে মোসাদ্দেকের কাছে সরিও বলেছেন।

আজ বুধবার বিকেলে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ভালোই হলো প্রশ্নটা উঠেছে। অনেকে ইউটিউবে সম্পাদনা করে নানা কিছু দেখান। তবে আমি যেটা বলেছিলাম, সেটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম। তখন অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু অসাবধানতা হয়েছিল আমার। আমি বলেছিলাম, যতক্ষণ মিরাজ দলে আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নাই। এখন বুঝি, আমার সে সময় তিনটি শব্দ চয়ন ঠিক ছিল না।’

নিজের ভুল স্বীকার করে লিপু বলেন, ‘চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়ে আমি নিজের মন্তব্য শুনলাম নিউজে। তখনই বুঝি—আমার বলা উচিত ছিল, মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ ক্ষীণ। কিন্তু আমি তা বলতে পারিনি। সেদিনই উপলব্ধি করি, আমার উপস্থাপনাটায় ভুল ছিল। (ঘটনার) দুই দিন পর আমার সঙ্গে মোসাদ্দেকের দেখা হয়। আমি তাকে সরাসরি বলেছি- “সরি আমি ওভাবে বলতে চাইনি”। আমি চাই মোসাদ্দেক ঘরোয়া লিগে অন্য সবার মতো যথেষ্ট ম্যাচ খেলুক। তাহলেই আমাদের নজরে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত