৪ বছর পর ফেরা মোসাদ্দেকের জন্য যেন ‘নতুন’ শুরু  

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

ওয়ানডেতে জাতীয় দলের হয়ে মোসাদ্দেক হোসেন সবশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালের ৫ আগস্ট। হারারেতে জিম্বাবুয়ে সফরের সেই ম্যাচে বল হাতে খরুচে স্পেলে আগে ব্যাটিংয়ে নামার সুযোগও মিলেছিল না এই অলরাউন্ডারের। এরপর থেকে তার সুযোগ মিলছিল না জাতীয় দলেই। সেখান থেকে ৪ বছর পেরিয়ে ডাক পেলেন অস্ট্রেলিয়া সিরিজে এবং সিরিজে প্রথম ম্যাচে একাদশে নেমেই ব্যাট-বল-ফিল্ডিং তিনেই বাজিমাত করে দেখালেন মোসাদ্দেক। 

তার অলরাউন্ড নৈপুণ্যের দিনে স্বাগতিকরা বৃষ্টি আইনে জিতছে ৮৬ রানে। সেখানে ব্যাট হাতে ৭০ বলে ক্যারিয়ার সেরা ৮৬ রানের পর বল হাতে নিয়েছেন ২ উইকেট এবং ফিল্ডিংয়ে নিয়েছেন দারুণ এক ক্যাচ। এতে লম্বা সময় পর জাতীয় দলে ফেরাটা রাঙিয়ে রাখলেন মোসাদ্দেক। এমনটি ফেরার পর এমন পারফর্ম তাকে যেন মনে করে দিয়েছে তার জাতীয় দলে অভিষেককে। 

দারুণ পারফর্মে জেরে ম্যাচ সেরার খেতাব জেতেন মোসাদ্দেক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪ বছর পরে জাতীয় দলে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলে অভিষেকের সময় প্রথমবার ডাক পেয়ে যেমন অনুভূতি হয়েছিল, এবারও ঠিক একই রকম লেগেছে। আলহামদুলিল্লাহ, সুযোগটি কাজে লাগাতে পেরেছি এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছি।’

 এছাড়া ব্যাটিংয়ের সময় পরিকল্পনা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন পরিস্থিতি এতটা সহজ ছিল না। উইকেটটি আসলে ৩০০-৩২০ রানের ছিল, কিন্তু দ্রুত দুটি উইকেট পড়ে যাওয়ার পর আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। প্রিমিয়ার লিগে আমি যেভাবে পারফর্ম করেছি, ঠিক সেই ধারা বজায় রেখে এখানেও সেভাবেই খেলার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে দলের জন্য অবদান রেখে সফল হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মোসাদ্দেক। এতে নিজ ও দলের জন্য সবার কাছে সমর্থন ও দোয়া চাইলেন তিনি। ‘সবাইকে অনুরোধ করব আমাদের এবং আমাদের দলের জন্য সমর্থন বজায় রাখতে ও দোয়া করতে, যাতে আমরা দারুণভাবে এই সিরিজটি জিততে পারি। আর আমি যেভাবে কামব্যাক করেছি, আশা করি যতদিন জাতীয় দলের হয়ে খেলব, একইভাবে বাংলাদেশের জন্য অবদান রাখতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত