অর্থ নয়, অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন ঋতুপর্ণা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে অসুস্থ মায়ের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন। অনেকটা বাধ্য হয়েই এই পোস্টটা দিয়েছেন সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাইয়ে দেওয়া এই ফরোয়ার্ড।

ঋতুপর্ণার মা দীর্ঘদিন ধরেই মরণব্যধি ক্যানসারে আক্রান্ত। ছোটবেলা ঋতুপর্ণা বাবাকে হারিয়েছিলেন ক্যানসারেই। বিষয়টি নানা মাধ্যমে কিছুটা ভুলভাবে প্রকাশ পায়। মিয়ানমারে তিন ম্যাচে পাঁচ গোল করার পর থেকেই প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা। এর মাঝেই কয়েকটি গণমাধ্যমে মায়ের অসুস্থতার কথা বলে দোয়া প্রার্থনা করেছিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভুলভাবে প্রকাশ পায়। ঋতুপর্ণা নাকি মায়ের চিকিৎসার জন্য সবার কাছে সহায়তা চেয়েছেন!

বিষয়টি এভাবে উপস্থাপিত হওয়ার পর অনেকেই সহায়তা করতে ইচ্ছে প্রকাশ করেন। অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, যা তাকে ভীষণভাবে বিব্রত করেছে। তাই বাধ্য হয়েই বুধবার সন্ধ্যায় ফেসবুকে মাকে নিয়ে পোস্ট করেন ঋতুপর্ণা। সেখানে তিনি লেখেন, ‘প্রিয়ভাজনদের প্রতি, আমার পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়ানোয় আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ থাকাটা সত্যিই আমার জন্য বিশাল আশীর্বাদ। এই মুহূর্তে আপনাদের কাছে আমরা মায়ের জন্য অর্থ সহায়তার চেয়ে বেশি দোয়া চাইছি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

উল্লেখ্য,বিভিন্ন মাধ্যমে অসুস্থতা ও ব্যয়বহুল চিকিৎসার কথা জানতে পেরে ঋতুপর্ণা মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আজ বুধবার তারেক রহমানের নির্দেশে রাঙামাটির কাউখালীর মগাছড়ি গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’ –এর একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং ঋতুপর্ণার মায়ের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত