জোড়া গোলের রেকর্ড লিওনেল মেসির, সেঞ্চুরিতে ৮৭০

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

লিওনেল মেসি আরও একটি রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করলেন। বুধবার রাতে ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) টানা চারটি লিগ ম্যাচে একাধিক গোল করা প্রথম খেলোয়াড় হলেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। প্রথম গোলটি আসে প্রতিপক্ষের ডিফেন্সের একটি ভুল থেকে। এরপর সার্জিও বুস্কেটসের নিখুঁত থ্রু পাস থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি।

এই জোড়া গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৮৭০-এ। একই সঙ্গে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বক্সের বাইরে থেকে ১০০ গোল করার বিরল কীর্তি গড়েছেন।

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো ম্যাচ শেষে বলেন, “একজন বিশেষ খেলোয়াড়। আমার দৃষ্টিতে ইতিহাসের সেরা খেলোয়াড়। যেভাবে সে এখনো খেলছে, এটা অবিশ্বাস্য। বহু বছর আগে আমরা ভাবিনি, এই বয়সেও কেউ এমন পারফরম্যান্স দিতে পারবে। আমরা সৌভাগ্যবান, কারণ সে আমাদের দলে আছে।”

গত ২৯ জুন ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে হেরে বাদ পড়ার পর টানা দ্বিতীয় জয় পেল ইন্টার মায়ামি। এর আগে শনিবার মনট্রিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছিল দলটি, সেখানেও জোড়া গোল করেছিলেন মেসি।

ম্যাচের আগে গুঞ্জন ছিল, অনেক ম্যাচ খেলার কারণে মেসিকে বিশ্রাম দিতে পারেন মাসচেরানো। তবে রেভল্যুশন প্রথমে গোল করলে পরিকল্পনা বদলাতে হয়।

“আমরা চেয়েছিলাম ওকে হয়তো বিশ্রাম দেব,” বললেন মাসচেরানো। “কিন্তু নিউ ইংল্যান্ড প্রথম গোল করায় আমরা চাপের মধ্যে পড়ে যাই। তখন মেসিকে মাঠে রাখার সিদ্ধান্ত নিতে হয়।”

এমএলএস-এর ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তবে তাদের হাতে রয়েছে তিনটি অতিরিক্ত ম্যাচ, কারণ মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও ক্লাব বিশ্বকাপে খেলায় তারা কিছু লিগ ম্যাচ খেলতে পারেনি।

এদিনের দুই গোল মিলিয়ে এবারের এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৪টিতে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এগিয়ে আছেন কেবল ন্যাশভিলের স্যাম সুরিজ (১৬ গোল)। এ ছাড়া ১৫ ম্যাচে করেছেন সাতটি অ্যাসিস্ট।

নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মেসি বরাবরই ভয়ংকর। এমএলএসে যোগ দেওয়ার পর এই দলটির বিপক্ষে করেছেন সর্বোচ্চ সাত গোল।

শনিবার নিজেদের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে আবার মাঠে নামবে ইন্টার মায়ামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত