মন খারাপ করে লিটন বললেন ‘ভালো করিনি বলে বেঞ্চে বসেছি’

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

লিটন দাস টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বিসিবি তাকে আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে ভেবেছে। কিন্তু ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই স্টাইলিশ এই ব্যাটার। পরস্থিতি এতটাই খারাপ যে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে তাকে বেঞ্চে বসতে হয়েছে। এবার তার নেতৃত্বেই কাল বৃহস্পতিবার থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। তার আগে নিজের এবং দলের অবস্থান তুলে ধরলেন লিটন দাস। এসময় তার মুখে ছিল রাজ্যের অন্ধকার।

আজ বুধবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি টি-টোয়েন্টির জায়গাতেই আছে। এটা আলাদা একটা ফরম্যাট। আমরা জানি কীভাবে টি-টোয়েন্টি খেলতে হয়। সেভাবেই আমরা চেষ্টা করি। আমর জন্য প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যে কোনো ফরম্যাটে খেললে চেষ্টা করি শতভাগ দেওয়ার। আমরা অবশ্যই চেষ্টা করব (সিরিজ জয়ের)। তবে অবশ্যই সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনের সুবিধা পাবে। আমরা চেষ্টা করব শতভাগ দিয়ে খেলার। বাকিটা দেখা যাক।’

লিটনের পাশাপাশি জাতীয় দলের অবস্থাও এখন ভালো নয়। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এটাকে জীবনের অংশ হিসেবেই দেখছেন লিটন, ‘আগেই বলেছি, আমি শুধু চেষ্টাই করতে পারব। সেটা মাঠে হোক আর অনুশীলনে। অনেক সময় ব্যর্থতা চলে আসে, সাফল্যের হার কমে যায়। এটা জীবনেরই অংশ। অনেক খেলোয়াড় আছে যারা এক-দেড় বছর সফল হয়েছে আবার পরের বছরই ব্যর্থ হয়েছে। কী কারণে ব্যর্থতা আসছে সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তে সেটাই জানার চেষ্টা করছি। দেখি কীভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি।’

ছন্দে থাকা লিটন দাসের ব্যাটিং চোখের শান্তি। তার অতি বড় সমালোচকও এটা স্বীকার করেন। কিন্তু লিটনকে তো ছন্দে পাওয়াই যায় না। কবে তিনি বড় ইনিংস খেলবেন –সেই অপেক্ষায় বসে থাকতে হয় দিনের পর দিন, সিরিজের পর সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক কাটিয়ে দেওয়া লিটন নিজের অধারাবাহিকতা নিয়ে বললেন, ‘এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো করতে পারিনি বলে বেঞ্চে বসে ছিলাম। ওই সময়টায় যতটুকু সম্ভব টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। চেষ্টা করব মাঠে কাজে লাগানোর জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত