ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালক ড. জোবায়েদুর রহমানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা।
গতকাল বুধবার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক নুর নবী মানিক এবং সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোতাসিম বিল্লাহ।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক জাহিনুর রহমান, ব্যবসায়ী ও গ্রাহক ইমাম হোসেন, আল আমিন রাসেল ও মোশারফ হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের ব্যাংকিং খাত ধ্বংস করেছে। নিজেদের ঘনিষ্ঠ দুর্নীতিবাজদের দিয়ে ব্যাংকগুলো দখল করিয়ে তারা ব্যাপক লুটপাট চালিয়েছে।’
বক্তাদের দাবি, এস আলম গ্রুপ একাই বিভিন্ন ব্যাংক থেকে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, যার মধ্যে ইসলামী ব্যাংক থেকেই ৭৮ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। ওই গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে অভিযুক্ত পরিচালক ড. জোবায়েদুর রহমান ব্যাংকে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন এবং প্রতিষ্ঠানের ইসলামি মূলনীতি ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তারা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর নবী মানিক চার দফা দাবি তুলে ধরেন:
- ১. ব্যাংকের পরিচালক ড. জোবায়েদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
- এস আলমের দখলে থাকা ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার ২০১৭ সালের আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে।
- সরকারের সহযোগিতায় লুট হওয়া টাকার সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে দিতে হবে এবং পরবর্তীতে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এনে ও দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
- ব্যাংক খাত ধ্বংসের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি হুঁশিয়ার করে বলেন, ইসলামী ব্যাংকের আসন্ন বোর্ড সভায় যদি ড. জোবায়েদুর রহমানকে অপসারণ না করা হয়, তবে ১০ জুলাই (আজ বৃহস্পতিবার) ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধেও আন্দোলন চালানো হবে।
১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে নারীর মামলা
ভারতে সেতু ধসে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক