ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবি নাগরিক মঞ্চের

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ এবং আন্দোলনরত গ্রাহকদের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ রবিবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। সভায় অংশ নিয়ে বক্তারা ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও সুশাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল (অব.) হাসিনুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে। তিনি আন্দোলনরত গ্রাহকদের দাবি দ্রুত মেনে নেওয়া এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

 এছাড়া আলোচনা সভায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের দুর্ভোগ নিরসন, ব্যাংকটিকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ে দুর্নীতি ও অনিয়মে জড়িত ব্যক্তিদের নিয়োগ না দেওয়ার দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত