তিনদিনে ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত

বাগেরহাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম

উপকূলীয় বাগেরহাটে তিন দিনের ব্যাপক বৃষ্টিপাতে শহরসহ নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলমান ভারী বর্ষণে জেলার প্রায় দেড় হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। 

গত তিন দিনে এখানে ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তাঘাট ও বাড়ির উঠান ডুবে থাকার কারণে নিম্নআয়ের মানুষদের দুঃখ-কষ্ট বেড়ে গেছে। রান্না-বার্নার কাজে প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। শহরের পানি নিষ্কাশনে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতার সমস্যা বাড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

বাগেরহাট শহরের বাসাবাটি, খারদ্বার, রেলরোড, নাগেরবাজার, পুরাতন বাজার, হাড়িখালি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। এছাড়া শরণখোলা, রামপাল, মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

শহরের বাসাবাটি এলাকার স্বপ্না বালা ও রেলরোডের স্বপন ঘরামী জানান, সামান্য বৃষ্টি হলে শহরের নিম্নভূমি পানিতে তলিয়ে যায়। এখনও তারা পানিতে ডুবে রয়েছেন। রান্নাবান্নায় মারাত্মক কষ্ট হচ্ছে। পানি দ্রুত নামার ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন জানান, উপকূলীয় বাগেরহাটে গত তিন দিনে ৩০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বর্ষণে আউশ ধানের বীজতলা, পানের বরজ ও গ্রীষ্মকালীন সবজি মিলিয়ে ১৪২৪ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি থামেনি এবং জমে থাকা পানি দ্রুত না নেমে গেলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত