ইউরোপের দুই জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসি রবিবার নামছে ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে। পিএসজির কোচ লুইস এনরিকে এবং অধিনায়ক মার্কিনহোস এই ম্যাচকে দেখছেন সমান সুযোগের লড়াই হিসেবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনহোস বলেছেন, 'প্রত্যেক ম্যাচের আলাদা গল্প থাকে। চেলসির বিপক্ষে এই ম্যাচটিও ঠিক তেমন। এটা একেবারেই ৫০-৫০ ম্যাচ। তবে আমরা শিরোপা জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামব', বললেন তিনি।
তিনি এটিকে এক ‘সুবর্ণ সুযোগ’ বলেই দেখছেন, 'এই টুর্নামেন্ট চার বছর পরপর হয়। আমরা জানি ম্যাচটার গুরুত্ব কতটা। এই ট্রফিটা জিততে পারলে মৌসুমটা নিখুঁত হয়ে উঠবে।'
আগের ম্যাচের পারফরম্যান্স ভুলে নতুন উদ্যমে মাঠে নামতে চান মার্কিনহোস, 'আমরা ভালো খেলেছি, কিন্তু আগের ম্যাচে কী হয়েছে সেটা নিয়ে ভাবলে চলবে না। এই ম্যাচের আলাদা গল্প হবে। আমরা খেলব আক্রমণাত্মক ও আগ্রাসী মনোভাব নিয়ে।'
কোচ এনরিকে বলেছেন, তারকা নয়, দলই পিএসজির মূল শক্তি। নিজেকেও তারকা ভাবতে রাজি নন তিনি, 'আমি কোনো তারকা নই। আমি আমার কাজ ভালোবাসি। কঠিন সময়েই সবচেয়ে বেশি উপভোগ করি আমি।' তিনি বলেন, 'সবকিছু যখন ঠিকঠাক চলে, তখন ভালো লাগে, কিন্তু সমালোচনার সময়ে আমি বরং আরও শক্তিশালী হই।'
বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ বলেন, 'হয়তো এটাই আমার ক্যারিয়ারের সেরা মৌসুম হতে পারে। তবে ফাইনালটা জিতলেই সেটা বলা যাবে। এখনই কিছু বলার সময় না।”'
তিনি উদাহরণ টানেন ম্যানচেস্টার সিটির, যারা সবকিছু জেতার পরেও কিছু হারলে কঠোর সমালোচনার মুখে পড়ে, 'গার্দিওলা এখনও বিশ্বের সেরা কোচ, কিন্তু ওদের ১০টা ম্যাচ হারতেই মানুষ ওদের গুঁড়িয়ে দিতে চাইছে। তাই আমি প্রশংসার চেয়ে সমালোচনায় বেশি স্বচ্ছতা পাই।।'
দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে এনরিকে বলেন, 'আমরা এমন একটা দল চাই যেখানে ১১ জন নয়, বরং ১৩-১৫ জন তারকা থাকবে। তবে তারা সবাই দলকে সেবা করবে। পিএসজির দর্শনই এমন—একতার মধ্যেই শক্তি।'
একই সুরে কথা বলেছেন মার্কিনহোসও, 'এই দলে থাকা গর্বের। কোচের কৌশল ও দৃষ্টিভঙ্গি আমরা বুঝি। পুরো দল মানসিকভাবে প্রস্তুত। আমাদের চোখ শুধু একটি জিনিসেই—ট্রফি।”
আর্জেন্টিনা সমর্থকদের চেলসির হয়ে গলা ফাটাতে বললেন এনজো