২০২৬ সালের এশিয়া কাপ কোথায় হবে, কবে হবে—এই প্রশ্নের উত্তর মিলতে পারে ঢাকাতেই। আগামী ২৪ জুলাই রাজধানীর একটি অভিজাত হোটেলে বসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা। এই সভা থেকেই চূড়ান্ত হতে পারে এশিয়া কাপের সূচি ও ভেন্যু।
সভাটি আয়োজনের যাবতীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (মঙ্গলবার) বিসিবির মিডিয়া লাউঞ্জে এই তথ্য জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
মিঠু বলেন, ‘আমরা ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, সব সদস্য দেশই উপস্থিত থাকবে।’
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রতিনিধি এই সভায় উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। রাজনৈতিক বাস্তবতা এবং ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই অনিশ্চয়তা স্বাভাবিকই।
তবুও বিসিবি পক্ষ থেকে আশাবাদী অবস্থান জানানো হয়েছে। মিঠু জানিয়েছেন, ‘ভারত আসবে কি না এখনই বলা যাচ্ছে না। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। তবে আমরা আশা করছি, তারা অংশ নেবে। আর না এলেও ভার্চুয়ালভাবে সভায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে।’
সাম্প্রতিক সময়ে আইসিসি বা এসিসির বড় কোনো সভা ঢাকায় বসেনি। তাই এবারের এই আয়োজনকে বড় সুযোগ হিসেবেই দেখছে বিসিবি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এসিসির মিটিং ঢাকায় হবে। এসিসির বর্তমান চেয়ারম্যান তো পাকিস্তানের (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি)। আমাদের যদি এবারের এশিয়া কাপের আয়োজকও হতে বলে... যাহোক, আলোচনা হবে।’
এই সভার সময়ই ঢাকায় চলবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান দল ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে, তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা ১৯ জুলাই থেকে। এই সিরিজ দেখতে ঢাকায় আসছেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও।
২০২৬ এশিয়া কাপের আয়োজক স্বত্ব ভারতের, তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। কাশ্মীরে সাম্প্রতিক হামলা, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিসহ বিভিন্ন কারণে ভারতীয় সরকার দল পাঠানো নিয়ে দ্বিধায় থাকতে পারে। ফলে ভেন্যু নির্বাচনে বিকল্প ভাবনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ জুলাইয়ের সভাতেই চূড়ান্ত অনুমোদন পাবে এশিয়া কাপের সূচি ও ভেন্যু। আর ভারত শেষ পর্যন্ত প্রতিনিধি পাঠাক বা না-ই পাঠাক, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিকই হবে ঢাকায়।
শুধু অংশ নেয়া নয় 'ইতালি বিশ্বকাপে সব ম্যাচ জিততে চায়'
চেলসির সঙ্গে ফাইনালে 'আক্রমণাত্মক ও আগ্রাসী' পিএসজিকে দেখা যাবে
স্টার্কের চাই ৫ উইকেট, লায়নের দরকার ২