চাঁদাবাজি ও মব জাস্টিসের বিরুদ্ধে পদ্মা সেতু টোল প্লাজার সামনে বিক্ষোভ

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম

সারা দেশে চাঁদাবাজি ও মব জাস্টিস করে ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ হত্যার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সাধারণ জনগণ।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে এই রুটে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানায়, চাঁদা না দেওয়ার কারণে সম্প্রতি ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যার অভিযোগ ওঠে যুবদলের কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া যুবদল নেতা কর্তৃক যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামক পরিবহনের থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ছাড়া সারা দেশ জুড়ে মব জাস্টিসের বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র জনতা চাঁদাবাজ ও মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের মুখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু বলেন, সারা বাংলাদেশে যে মব জাস্টিস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় মিডফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে এমন মব জাস্টিস ও চাঁদাবাজি চলতে পারে না। আমরা এই মব জাস্টিস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজ প্রাথমিক ভাবে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ করেছি। যদি এসব বন্ধ করা না হয় ও দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, আজকে যে ব্লকেড বা অবরোধ তা ট্রেইলার মাত্র। যদি ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ ও ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকারীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সাধারণ জনগণ যদি শান্তিতে না থাকে, তাহলে আমরাও কাউকে শান্তিতে থাকতে দেব না।

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসাইন বলেন, সম্প্রতি মিডফোর্ড এলাকার হত্যা কাণ্ডের প্রতিবাদ ও পদ্মা সেতু ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে। খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারাও আমাদের কথা শুনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত