প্রথমবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশগ্রহণ করেই পদক জিতে নিল বাংলাদেশের মেয়েরা। আজ রবিবার বাংলাদেশ ৬-২ গোলে হারিয়ে দিয়েছে চীনের দাজহুতে কাজাখস্তানকে। পদক জয়ের সুযোগ পেয়েছিল ছেলেরাও। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরেছে পুরুষ হকি দল।
জাপানের কাছে ১১-০ গোলে হার দিয়ে মহাদেশীয় এই টুর্নামেন্টে যাত্রা শুরু করে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচেই উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। আজ তৃতীয় হওয়ার লড়াইয়ে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।
ম্যাচের ৯ম মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশকে ১২ মিনিটে সমতায় ফেরান আইরিন। ১৮ থেকে ২০ এই দুই মিনিটে আরও দুই গোল করে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশকে চতুর্থ গোল উপহার দেন অধিনায়ক শারিকা রিমন। বাকি দুই গোলের একটি করেন কণা আক্তার, অপরটি রিয়াশা রিশি। ৫৯ মিনিটে কাজাখস্তান এক গোল শোধ করলেও ব্যবধান কমানো ছাড়া সেটি আর কোনো কাজে আসেনি।
টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের মেয়েরা গোল করেছে ১৪টি, আর হজম করেছে ২৪টি। দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন, দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে ফাইনাল খেলবে জাপান ও চীন। আর ছেলেদের বিভাগের সোনার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান।
২৫৯৪ টেস্টের ইতিহাসে মাত্র ৯ম বার টাই হলো প্রথম ইনিংস
অপ্রতিরোধ্য মেসির টানা পাঁচ ম্যাচে জোড়া গোল