কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২১ পুলিশ কর্মকর্তাকে এমন ব্যবস্থা নেওয়া হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রবিবার (১৩ জুলাই) চারটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী এবং মিরপুর ট্রাফিক জোনের এসি মফিজুর রহমান পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়, রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে, তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর থেকে, গোলাম রুহানী ১১ আগস্ট থেকে এবং মফিজুর রহমান পলাশ ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পলায়ন ও অসদাচরণের অভিযোগে তাদের বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।

এর আগেও ১৫ জুন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৪ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত