স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের মামলা, সন্তানদের সম্পদের হিসাব তলব

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া তাদের দুই ছেলে ও এক মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

প্রথম মামলায় হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার ১৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়টি তদন্তে পাওয়া গেছে।

দুদকের মহাপরিচালক বলেন, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দ্বিতীয় মামলায় হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম উভয়কে আসামি করা হয়েছে। ফৌজিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি হানিফের সঙ্গে সমন্বয় করে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

দুদক হানিফ-ফৌজিয়া দম্পতির দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের বিরুদ্ধেও সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত