ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা: স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড 

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম

চার বছর আগে চট্টগ্রামের সীতাকুন্ডে সহযোগীদের নিয়ে ঘুমন্ত অবস্থায় ফল বিক্রেতা স্বামীকে জবাই করে হত্যার দায়ে তার স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের অষ্টম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- নিহত জয়নালের স্ত্রী রিমা আক্তার এবং তার দুই সহযোগী শাহাদাত  হোসেন ও আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) আফসার উদ্দিন।

২০২১ সালের ৯ এপ্রিল বাড়বকুন্ড ইউনিয়নের তেলিপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটেছিল। মামলার নথি থেকে জানা যায়, ভিকটিম জয়নাল আবেদীন চট্টগ্রাম নগরের হালিশহরে ফল বিক্রি করে সংসার চালাতেন। বেশিরভাগ সময় থাকতেন শহরে। স্বামী শহরে থাকার সুযোগ নেন স্ত্রী রীমা আকতার। প্রতিবেশি শাহাদাত হোসেন কাইয়ুমের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন রীমা। এ নিয়ে অনেক সালিস বৈঠকও হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদাত হোসেন কাইয়ুম এবং তার বন্ধু একই এলাকার শাহাদাত হোসেন নিয়ে জয়নালকে হত্যার পরিকল্পনা করেন রীমা আক্তার।

২০২১ সালের ৯ এপ্রিল শহরে ফল বিক্রি করে গ্রামের বাড়ি যান জয়নাল। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে জয়নাল আবেদীনকে ঘরের ভেতর জবাই করে হত্যা করা হয়। পরে তার নাড়িভুঁড়িসহ শরীরের বিভিন্ন অংশ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী মো. মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুন্ড থানায় হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তার স্ত্রীসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত