সিরাজকে আউট করে সিরিজই শেষ হয়ে গেল বশিরের

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

লর্ডসে ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে ২২ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন অফ স্পিনার শোয়েব বশির। তবে জয়ের আনন্দের পাশাপাশি তার জন্য এসেছে দুঃসংবাদ। আঙুলের চোটে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে তার আর খেলা হচ্ছে না।

গতকাল সোমবার শেষ হওয়া টেস্টে ভারতের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে রবীন্দ্র জাদেজার ফিরতি ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে আঘাত পান বশির। এরপর তিনি মাঠ ছেড়ে যান এবং ইনিংসের বাকি সময়ে আর ফেরেননি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯ বলে করেন ২ রান। গতকাল ম্যাচের পঞ্চম দিনের বেশিরভাগ সময় তিনি মাঠের বাইরে ছিলেন। ভারতের অষ্টম উইকেট পতনের পর তাকে মাঠে দেখা যায়।

রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজের শেষ জুটিতে ভারত যখন অবিশ্বাস্য এক জয়ের পথে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কাজের কাজটা করে দেন বশির। সিরাজকে অদ্ভুতভাবে বোল্ড করে দলকে এনে দেন জয়। জানা গেছে, ২১ বছর বয়সী স্পিনারের আঙুলে চিড় ধরা পড়ছে। এই সপ্তাহের শেষ দিকে তার আঙুলে অস্ত্রোপচার করা হবে। তাকে কতদিনে মাঠে দেখা যাবে- সেটা এখনও অনিশ্চিত। বশিরের জায়গায় এখনো কাউকে ডাকেনি ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত