শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে বেরোবির ভিসি-ডিসি

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. মো. শওকত আলী ও রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল বুধবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে বাবুনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।

উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। বেরোবির এই মেধাবী শিক্ষার্থী দেশের নতুন প্রজন্মের জন্য প্রতিবাদ, অধিকারবোধ এবং আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছেন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে আমাদের ছাত্র শহীদ আবু সাঈদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বীরত্ব, তার আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব দেখেছে।
আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা রংপুরে আসলেও কবর জিয়ারতে না আসায় আবু সাঈদের পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, আবু সাঈদের জন্য সরকার পতন হয়ে গেল। সেই সরকারের কোন উপদেষ্টা আজ আমার বাড়িতে আসলো না, এতে আমার মনে অনেক দুঃখ। আবু সাঈদের জন্য এত কিছু হলো সেই ছ্যোলের দোয়ার জন্যেও কেউ আসলো না, এটাত আমার অনেক কষ্ট লাগছে। আবু সাঈদের জন্য এত কিছু হলো সেই আবু সাঈদের বাড়িতে কেন আসা হলো না সেটা আমি সরকারের কাছে জানবার চাই। আবু সাঈদের কবরের পার্শে আসলো না এটা কেমন হলো? এতে আমি কষ্ট পাইছি।

খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খালাশপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. নুরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের উপদেষ্টারা রংপুরে এসেছেন অথচ আবু সাঈদের কবর জিয়ারতে আসেন নাই এটা খুবই দুঃখজনক। এটাতে আমরা মনে কষ্ট পেয়েছি। যে আবু সাঈদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই উপদেষ্টারা ড. ইউনুসের ভাষ্যনুযায়ী ছাত্ররা তাকে নিয়ে এসেছে। সেই ছাত্রদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টারা আজ আবু সাঈদের শাহাদৎ বার্ষিকীতে আবু সাঈদের কবরের পাশে আসবে না এটা আসলে মেনে নেওয়া অনেক কষ্টের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত