একই অপরাধে ইংল্যান্ডের শাস্তি হলো; ভারতের কেন হলো না?

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম

লর্ডস টেস্টে স্লো ওভার রেটিংয়ের দায়ে ইংল্যান্ডের পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সেইসঙ্গে দলের সবাইকে জরিমানা করা হয়েছে। রোমাঞ্চকর ম্যাচটি ২২ রানে হেরে যাওয়া ভারতও একই দোষে দুষ্ট। তারপরও শুবমান গিলদের কোনো সাজা হয়নি। কিন্তু কেন?

ম্যাচের প্রথম চারদিন খেলার সময় আধাঘণ্টা করে বাড়াতে হয়েছে। পঞ্চম দিন তৃতীয় সেশনে খেলার ফলাফল আসে। প্রথম চার দিন আধ ঘণ্টা করে সময় বাড়ানোর পরেও পুরো ৯০ ওভার করা যায়নি। প্রথমদিন ৮৩ ওভার খেলা হয়েছিল। পরের দিনগুলোয় ৮০ ওভারও হয়নি। দুই দলের চার ইনিংসে মোট ৩৬৮.১ ওভার খেলা হয়েছে; যেখানে পাঁচ দিনে ৯০ ওভার করে মোট ৪৫০ ওভার হওয়ার কথা।

প্রথম দিন ভারত পুরো ৮৩ ওভার বোলিং করেছে। দ্বিতীয় দিন ৭২.২ ওভারের মধ্যে ভারত করেছে ২৩.২ ওভার, ইংল্যান্ড ৪৯ ওভার। তৃতীয় দিন ৭৭.২ ওভারের মধ্যে ইংল্যান্ড ৭৬.২ ওভার আর ভারত ১ ওভার বোলিং করেছে। চতুর্থ দিনে ভারত ৬১.১ ওভার আর ইংল্যান্ড ১৭.৪ ওভার করেছে। শেষ দিন ৫৭.১ ওভার খেলা হয়েছে; পুরোটাই ইংল্যান্ড বোলিং করেছে।

অর্থাৎ, লর্ডস টেস্টে মোট ৩৬৮.১ ওভারের মধ্যে ভারত করেছে ১৬৬.১ ওভার। ইংল্যান্ড করেছে ২০২ ওভার। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ইনিংস ৮০ ওভারের বেশি খেলা হলে তবেই সেটার সময় হিসাব করা হয়। দেখা হয় যে স্লো ওভার রেটিং বোলিং হয়েছে কি না। প্রথমদিন ৮০ ওভারের বেশি খেলা হয়েছে। বাকি চারদিন সেটা হয়নি। দুই দলই দ্বিতীয় ইনিংসে ৮০ ওভার ব্যাটিং করতে পারেনি। ফলে সেটা হিসাবের বাইরে।

ভারত ও ইংল্যান্ড দুই দলই প্রথম ইনিংসে ৮০ ওভারের বেশি ব্যাটিং করেছে। সেই দুই ইনিংস হিসাব করা হয়েছে। ভারত প্রথম দিন ৮৩ ওভার বোলিং করেছে, কিন্তু দ্বিতীয় দিন মোট ৭২.২ ওভারের মধ্যে ইংল্যান্ড তাদের নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করেছে। একমাত্র সেই দিনের জন্যই তাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ভারত সেই ভুল করেনি বলে শাস্তি পায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত