তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ পরমাণু উপদেষ্টা আলী লারিজানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোর ক্রেমলিনে বৈঠক করেছেন। ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে এবং মস্কো তেহরানকে নানা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। তবে গত জুনে ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকলেও রাশিয়া তখন ইরানের পক্ষে স্পষ্টভাবে দাঁড়ায়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লারিজানি মধ্যপ্রাচ্য ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি মূল্যায়ন করেন। অন্যদিকে, পুতিন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধানে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এদিকে, জার্মান কূটনৈতিক সূত্রে জানা গেছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে চায়। ইরানের তাসনিম সংবাদ সংস্থাও তিন ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনায় সম্মত হওয়ার কথা জানিয়েছে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করলেও তেহরান তা প্রত্যাখ্যান করে আসছে। ইরান দাবি করে আসছে, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের তাদের বৈধ অধিকার রয়েছে।
