ইন্টার মায়ামিতে মেসির পাশে এবার রদ্রিগো ডি পল

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

আর্জেন্টিনার জাতীয় দলে গড়ে ওঠা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের রহস্যময় রসায়ন এবার দেখা যাবে ইন্টার মায়ামির জার্সিতে। জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর মতে, বহুদিন ধরে চলা আলোচনার অবসান ঘটিয়ে এই ট্রান্সফার চূড়ান্ত হয়েছে।

আতলেতিকো মাদ্রিদ থেকে ডি পলকে ১৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৭.৬ মিলিয়ন ডলার) ট্রান্সফার ফিতে দলে নিচ্ছে ইন্টার মায়ামি। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার ক্লাবটির সঙ্গে ৪ বছরের চুক্তি স্বাক্ষর করছেন।

আতলেতিকোতে ডি পলের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত, তবে কোনো নবায়নের পরিকল্পনা না থাকায় চুক্তি শেষে আগেভাগেই চলে যাচ্ছেন তিনি। এই ট্রান্সফার মাদ্রিদ ক্লাবটির জন্য স্কোয়াড পুনর্গঠনের সুযোগও এনে দিয়েছে।

ডি পলের ক্যারিয়ার শুরু হয়েছিল আর্জেন্টিনার রেসিং ক্লাবে। পরে ইউরোপে যান, খেলেছেন ভ্যালেন্সিয়া, উদিনেজে এবং সবশেষ ২০২১ সালে যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। তবে তার প্রকৃত উত্থান হয় আর্জেন্টিনা জাতীয় দলে, যেখানে তিনি ‘লা স্কালোনেতা’র অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। কোপা আমেরিকা (২ বার), ফাইনালিসিমা ও কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পেছনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ডি পল মায়ামির দলে যোগ দিচ্ছেন এমন সময়, যখন ক্লাবটি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বপ্নে শক্তিশালী স্কোয়াড গড়ছে। গত মৌসুমে প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই হতাশা ঘোচাতে মেসির সঙ্গে যুক্ত হচ্ছেন তার আস্থাভাজন 'এল মোটরসিতো'।

বর্তমানে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে রয়েছে, ২১ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে। সাম্প্রতিক এক ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে হারিয়ে তারা এখন দুর্দান্ত ফর্মে। দলটির অন্যতম বড় অস্ত্র লিওনেল মেসি, যিনি শেষ সাত ম্যাচে করেছেন ১২ গোল ও ৬ অ্যাসিস্ট, পুরো মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে আছেন শীর্ষ গোলদাতাদের তালিকায়।

মায়ামির স্কোয়াডে আরও অনেক আর্জেন্টাইন খেলোয়াড় রয়েছেন—গঞ্জালো লুজান, ফেডেরিকো রেডোনদো, মার্সেলো ওয়েইগান্ট, তাদেও আয়েন্দে, বলতাসার রদ্রিগেজসহ রয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো। এমনকি স্পেনের আলবা ও বুসকেতস, উরুগুয়ের সুয়ারেজ, এবং ভেনেজুয়েলার সেগোভিয়াও আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত