পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর এই সিরিজেই নিজেকে নতুন করে চেনালেন মোস্তাফিজুর রহমান। বোলিং র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে আইসিসি’র টি-টোয়েন্টি বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন সেরা দশে। ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ।
বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে দেখা যায়, ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে মোস্তাফিজ এখন যৌথভাবে নবম স্থানে, ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে। পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে মাত্র ২১ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। প্রথম ম্যাচে ৪ ওভার বোলিং করে দেন মাত্র ৬ রান ও নেন ২ উইকেট। পরের ম্যাচে ১ উইকেটের পাশাপাশি রান দেন মাত্র ১৫।
এছাড়া উন্নতি হয়েছে স্পিনার শেখ মেহেদী হাসানেরও। র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন তিনি ১৬তম। সিরিজে তার সংগ্রহ তিন উইকেট। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।
তবে প্রত্যাশামতো বল করতে না পারায় তিন ধাপ পিছিয়েছেন রিশাদ হোসেন, এখন অবস্থান করছেন ২০ নম্বরে। তাসকিন আহমেদ ২৭তম (১ ধাপ উন্নতি), তানজিম হাসান সাকিব ৩৭তম (৯ ধাপ উন্নতি) অবস্থানে রয়েছেন। তানজিমের সঙ্গে একই রেটিংয়ে আছেন ভারতের কুলদীপ যাদব। হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে ৪০তম স্থানে এবং শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩তম স্থানে।
ব্যাটারদের মধ্যেও নজর কাড়া অগ্রগতি
বাংলাদেশের তরুণ ব্যাটারদের মধ্যেও দেখা গেছে উল্লেখযোগ্য উন্নতি। তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে এখন ব্যাটিং র্যাংকিংয়ের ৩৭ নম্বরে। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম, তার সঙ্গী দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন।
জাকের আলী ১৭ ধাপ এগিয়ে ৫৩তম স্থানে এবং পারভেজ হোসেন ইমন ২২ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৬৩তম স্থানে। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত—৬ ধাপ পড়ে এখন তিনি ৭৩ নম্বরে, আর টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন।
বিশ্ব মঞ্চের পরিবর্তন
বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দলেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং পরিবর্তন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজে মাত্র দুটি ম্যাচে ৬ উইকেট নিয়ে ১৩ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ব্যাটিং র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১০ম স্থানে পৌঁছেছেন, যা তার ক্যারিয়ারের সেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৯ বলে ৫৫ রানের ইনিংসই তার উন্নতির ভিত্তি।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ তিন ধাপ এগিয়ে ২৩তম এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আট ধাপ এগিয়ে এখন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে আছেন।
তিন সুন্দরীকে নিয়ে সমুদ্র সৈকতে ভিনিসিয়ুসের রোমান্টিক সময়
‘পাকিস্তানকে এখন পরাজয় থেকে শিক্ষা নিতে হবে’