বিশ্বকাপ জয়ী ও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের ৯ বছরের সংসার ভেঙে গেলো

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

এক দশকের কাছাকাছি সময়ের সংসার ভেঙে গেল টেনিস তারকা আনা ইভানোভিচ এবং জার্মান বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের। বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইভানোভিচের আইনজীবী ক্রিস্টিয়ান শার্টজ।

এই যুগল ২০১৪ সালে একে অপরের প্রেমে পড়েন। তখন শোয়াইনস্টাইগার খেলতেন বায়ার্ন মিউনিখে, জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন। আর ইভানোভিচ ছিলেন টেনিসের শীর্ষ সারির তারকা। এক বছর পর শোয়াইনস্টাইগার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ইতালির ভেনিসে তাঁদের বিয়ে হয় ২০১৬ সালের জুলাইয়ে। একই বছরের ডিসেম্বরে ইভানোভিচ টেনিস থেকে অবসর নেন।

এই দম্পতির তিন ছেলে রয়েছে। বড় দুই ছেলের নাম লুকা ও লিওন, তবে তৃতীয় ছেলের নাম প্রকাশ করেননি তাঁরা। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বার্লিনে লেভার কাপে তাঁদের একসঙ্গে দেখা যায়।

বিচ্ছেদের কারণ হিসেবে বলা হয়েছে, ‘মীমাংসাতীত পার্থক্য’। গত কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্ক টানাপড়েনের মধ্যে ছিল বলে জানা গেছে। ইভানোভিচ বেশি সময় কাটাচ্ছিলেন নিজ দেশ সার্বিয়ায়, পরিবার ও সন্তানদের নিয়ে। অন্যদিকে, শোয়াইনস্টাইগার নিয়মিত ভ্রমণ করছিলেন নানা সম্প্রচার প্রতিষ্ঠানে কাজের কারণে।

শোয়াইনস্টাইগার আর ইভানোভিচ

জার্মান সংবাদমাধ্যম *বিল্ড*-এর তথ্য অনুযায়ী, জুনে শোয়াইনস্টাইগারকে একটি নতুন নারীর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ওই নারীকে শুধু ‘সিলভা’ নামে চিহ্নিত করা হয়েছে, তিনি বুলগেরিয়ান। জানা গেছে, তাঁদের সন্তানরা একই স্কুলে পড়ে, সেখান থেকেই তাঁদের পরিচয়। তাঁরা একসঙ্গে মরক্কো ও মায়োর্কায় ছুটি কাটিয়েছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

শোয়াইনস্টাইগার আর ইভানোভিচের বিয়ে

আইনজীবী জানিয়েছেন, এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না দু’পক্ষ এবং তাঁরা তাঁদের ও সন্তানদের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত