এমএলস অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি, পেতে পারেন শাস্তি

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম

এবারের মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসি ও জর্দি আলবাকে। বুধবার রাতে অস্টিনের কিউ২ স্টেডিয়ামে লিগা এমএক্স-এর বিপক্ষে অল-স্টার ম্যাচে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

এমএলএস-এর একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্টার মায়ামি ক্লাব আগেই লিগ কর্তৃপক্ষকে মেসি ও আলবার অনুপস্থিতির কথা জানিয়েছে। তবে দুজনেরই নির্ভরযোগ্য ইনজুরি রিপোর্ট না পেলে এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইন্টার মায়ামির সঙ্গে পরামর্শ করবে এমএলএস।

এটা টানা দ্বিতীয়বার অল-স্টার ম্যাচ মিস করতে চলেছেন মেসি। গত বছরও চোটের কারণে খেলতে পারেননি তিনি। চলতি মৌসুমে এমএলএসে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন তারকা। ন্যাশভিলের স্যাম স্যারিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল করে রয়েছেন গোলদাতার তালিকার শীর্ষে। গত সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জোড়া গোল করেছেন মেসি।

মেসি ও আলবার না থাকা অল-স্টার ম্যাচের আকর্ষণে কিছুটা ভাটা ফেলবে নিশ্চিতভাবেই। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এমএলএস কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত