অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজ রাতেই জানা যাবে কে হবেন ‘সেরা রাঁধুনী সিজন-৮’ বিজয়ী।
এ বছরের মার্চ মাসে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছিল রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন-৮’। সারা দেশ থেকে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত পর্বে উঠে এসেছেন সেরা তিনজন। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন, জুরাইরিয়া কামাল- এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আলোচিত এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি। জমকালো এ অনুষ্ঠানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে নাচ-গানের আয়োজন।
গান পরিবেশন করবেন- হৃদয় খান, ইমরান ও কণা। নাচ পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক মৌসুমী মৌয়ের সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপনায় থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রতিযোগিতার বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।
