ফাইনালে ফের চোকার্স প্রোটিয়ারা

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৭ রান। হাতে ৬ উইকেট। এমন সহজ সমীকরণের মুখে দাঁড়িয়ে আরেক দফা পা হড়কালো দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে দুই উইকেট হারিয়ে তারা তুলতে সক্ষম হয় ৩ রান। ৩ রানের বিনিময়ে আরও একটি ফাইনাল হারল প্রোটিয়ারা। অথচ মনে করা হচ্ছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার পর চোকার্স তকমাটি ঘুচিয়ে ফেলেছিলেন প্রোটিয়ারা।

উল্টো নাটকীয় ম্যাচটি জিতে শিরোপা নিজেদের করে নেয় কিউইরা। জোড়া উইকেটের সঙ্গে শেষ ওভারে ৭ রান ঠেকিয়ে দিয়ে ম্যাচসেরা হন ম্যাট হেনরি।

হারারেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন টিম সেইফার্ট ও ডেভন কনওয়ে। ৩০ রানে সেইফার্ট থামেন। কনওয়ে ও রাচিন রবীন্দ্র দুজনেই খেলেন ৪৭ রানের ইনিংস। তাতে ৫ উইকেটে ১৮০ রানের পুঁজি পায় কিউইরা। লুঙ্গি এনগিডি নেন দুই উইকেট।

জবাবে ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন প্রোটিয়া ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। রেজা হেনড্রিকস করেন ৩৭ রান। মাত্র ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে প্রোটিয়াদের জয়ের কাছে নিয়ে যান ডেওয়াল্ড ব্রেভিস। শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন ব্রেভিস। পঞ্চম বলে ফেরেন জর্জ লিনডে। শেষ বলে চার রানের প্রয়োজনে ব্যাটে বলই ছোঁয়াতে পারেননি সেনুরান। তাতেই শিরোপা নিশ্চিত হয় কিউইদের।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত