গাজা উপত্যকায় এক বিস্ফোরণে ইসরাইলি সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর পাল্টা আক্রমণের মধ্যেই এ ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার একটি রাস্তায় ইসরাইলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান চলার সময় পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরক ডিভাইসের আঘাতে তারা ঘটনাস্থলেই নিহত হন।
প্রাথমিকভাবে ইসরাইলি সংবাদমাধ্যম এটিকে ‘গুরুতর নিরাপত্তা ঘটনা’ বলে উল্লেখ করলেও পরে জানা যায়, এটি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পূর্বপরিকল্পিত হামলা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইলি সেনাদের চলাচলের রুট আগে থেকে চিহ্নিত করে সেখানে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল।
বিস্ফোরণের লক্ষ্য ছিল একটি সাঁজোয়া যান, যা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যানটিতে থাকা সেনাদের দুইজন নিহত হন। আহত একজনকে দ্রুত ইসরাইলি সামরিক হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর ইসরাইলি ড্রোন ও যুদ্ধবিমান গাজার আকাশে চক্কর দিতে শুরু করে। কিছু এলাকায় বিক্ষিপ্ত গোলাবর্ষণেরও খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ফিলিস্তিনি গোষ্ঠী সরাসরি এ হামলার দায় স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরাইলি অভিযান দীর্ঘায়িত হওয়ায় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বাড়ছে, পাশাপাশি মানবিক সংকটও ভয়াবহ হয়ে উঠছে।
