গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ পিএম

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) রাতে তাদের আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাম্মী আহমেদ বিদেশে অবস্থান করায় তারা এই দাবি জানান তার স্বামীর কাছে। অভিযোগে বলা হয়, এর আগেও তারা বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে অভিযুক্তরা আবার ওই বাসায় গিয়ে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।

গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত