ভেন্যু বাড়িয়ে ও গতবারের চেয়ে আরও গোছানো প্রক্রিয়ায় আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্ট। বিসিবির হেড অব প্রোগ্রাম ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন এ তথ্য।
বিপিএল শুরুর আগে একবার ঘটা করে ফ্র্যাঞ্চাইজি ধাঁচে এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছিল ২০১০ সালে। এর পর আর আলোর মুখ দেখেনি প্রতিযোগিতাটি। তবে গতবছর অনেকটা হঠাৎ করেই টি-টোয়েন্টির পাইপলাইন সমৃদ্ধ করার অভিপ্রায় থেকে এনসিএল টি-টোয়েন্টির আয়োজন করে বিসিবি। দেশের প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্টের বিপিএলের আগে গত বছরের ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল গ্রাউন্ড ও অ্যাকাডেমি গ্রাউন্ডে হয়েছিল সেই আসর।
এবার ভেন্যু বাড়িয়ে তিনটি করার কথা ভাবছে বিসিবি। গ্রাউন্ডস কমিটির কাছেও এই আকাঙ্খা প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার ইতোমধ্যে তিনটা ভেন্যু ঠিক করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। সেই হিসেবে টুর্নামেন্ট কমিটি এগোচ্ছে। এটা কনফার্ম তিনটা ভেন্যুতেই হবে এনসিএল টি-টোয়েন্টি।’
সূচীতেও বদল আসছে। গতবার ডিসেম্বরে হলেও এবার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও ধারণা করা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর শুরু হতে পারে টুর্নামেন্টটি। যার ফাইনাল হবে ৪ অক্টোবর। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এনসিএল টি-টোয়েন্টি শুরু হবে।’ তবে গতবারের সঙ্গে একটা বিষয়ে মিল থাকছে। ওই সময়ে এশিয়া কাপ চলায় এবারও জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না এনসিএল টি-টোয়েন্টিতে।
ক্রিকেটারদের পাওয়ার হিটিং ক্ষমতা বাড়াতে জুলিয়ান উডকে আনছে বিসিবি
সাকিবকে আগে দেশে আসতে হবে, তারপর জাতীয় দলে: বুলবুল