৮ বলে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:২৭ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বিপুল সংখ্যক দেশকে আইসিসি সদস্যপদ দেওয়ায় অদ্ভুত সব বিশ্বরেকর্ড দেখা যায় মাঝেমধ্যেই। এবার তেমনই এক কীর্তি গড়লেন ভারতীয় বংশোদ্ভুত ফিনল্যান্ডের ক্রিকেটার মহেশ তাম্বে। ফিনল্যান্ড যে ক্রিকেট খেলে, সেটাই বা কয়জনে জানে? সেই দলের হয়েই ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ!

মাত্র ৮ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে মহেশ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন। এতদিন এই কীর্তি ছিল আরেক অখ্যাত ক্রিকেট খেলুড়ে দেশ বাহরাইনের ক্রিকেটার জুনাইন আজিজের। তিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই কীর্তি গড়েছিলেন। তার আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান।

এস্তোনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মহেশ নতুন এই বিশ্বরেকর্ড গড়েছেন। সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে অল-আউট হয় এস্তোনিয়া। একটা সময় তাদের স্কোর ছিল ১ উইকেটে ৭২ রান। সেখান থেকেই এস্তোনিয়ার ইনিংস ধসিয়ে দেন ডানহাতি মিডিয়াম পেসার মহেশ। স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে।

২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন মহেশ। তার দাপটে ভালো অবস্থানে থেকেও ১৪১ রানে অল-আউট হয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ফিনল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত