বাংলাদেশের ঘরোয়া লিগে অদ্ভুত এবং সন্দেহজনক ওয়াইড আর নো বল প্রায়ই দেখা যায়, কিন্তু এক ওভারে একজন বোলার কয়টা ওয়াইড করতে পারেন? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে এক ওভার করতে গিয়ে মোট ১৮টি বল করেছেন অস্ট্রেলিয়ার পেসার জন হ্যাস্টিংস; যার ১২টিই ওয়াইড এবং একটি নো বল! বেচারা আম্পায়ারের অবস্থা কী হয়েছে ভাবুন একবার!
গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার দেওয়া ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল পাকিস্তান। ৭ ওভারে বিনা উইকেটে পাকিস্তানের রান যখন ৫৫ রান, তখন ইমপ্যাক্ট খেলোয়াড় হ্যাস্টিংসের হাতে বল তুলে দেন অজি অধিনায়ক ব্রেট লি। বল হাতে শুরুতেই হ্যাস্টিংস দেন ৫টি টানা ওয়াইড। এরপর দুটি বৈধ বল—একটি সিঙ্গেল, একটি চার। এরপর একটি নো বল করেন হ্যাস্টিংস, যেটি ছিল আবার ওয়াইড!
অস্ট্রেলিয়ার হয়ে ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হ্যাস্টিংসের ওভারের শেষ পাঁচটি বল টানা ওয়াইড ছিল, যার মধ্যে কিছু বল তো প্রায় পিচের বাইরেই পড়ে। তার কাণ্ড দেখে ব্রেট লি পর্যন্ত মুখ লুকিয়েছিলেন! যাই হোক, হ্যাস্টিংস ওভারটি শেষ করতে পারেননি। কারণ, তার শেষ ওয়াইড থেকেই জয়ের জন্য পর্যাপ্ত রান পেয়ে যায় পাকিস্তান। ১০ উইকেটের বিশাল ব্যবধানের জয়ে তারা পৌঁছে যায় সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ আবার ভারত।
খেলার সুযোগ না পাওয়া ‘লিটল ডেভিল’ ম্যান সিটি ছাড়তে পারেন
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় সরে দাঁড়াল স্পনসর প্রতিষ্ঠান