শুভ জন্মদিন জেমস অ্যান্ডারসন; ৪৩ বছরেও গতির ঝড়

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যদিও অবসরটা নিজের ইচ্ছায় ছিল না। আরও কিছুদিন তিনি খেলে যেতে চেয়েছিলেন। তিনি যে এখনও খেলে যেতে পারতেন, সেটার প্রমাণ দিচ্ছেন কাউন্টি খেলে। আজ ৩০ জুলাই তার জন্মদিন। তিনি ইংলিশ পেস কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। আজ তিনি ৪৩ বছর পূর্ণ করলেন।

ক্যারিয়ারের সিংহভাগ সময় তিনি শুধু টেস্ট ক্রিকেট খেলে গেছেন। লাল বলের এই সংস্করণের প্রতি তার ভালোবাসা ছিল অন্যরকম। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে ১৮৮ টেস্টে তিনি ২৬.৫০ গড়ে ৭০৪ উইকেট শিকার করেছেন। হয়েছেন দেশের সর্বোচ্চ উইকেটশিকারী এবং ৭০০ উইকেট শিকার করা বিশ্বের একমাত্র পেসার। ক্যারিয়ারে ৩২বার নিয়েছেন ৫ উইকেট আর ১০ উইকেট নিয়েছেন তিনবার।

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে গত জুনে তাকে দেখা যায় টি-টোয়েন্টি খেলতে! ১০ বছর পর ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে ডারহামের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে বোলিং ওপেন করা অ্যান্ডারসন ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট! এই ফরম্যাটে স্বীকৃত ম্যাচে এতদিন তার সেরা বোলিং ফিগার ছিল ২৩ রানে ৩ উইকেট। তার মানে, বয়সের সাথে সাথে আরও জ্বলে উঠেছেন জিমি। কে বলবে, তার বয়স হয়ে গেছে ৪৩?

অ্যান্ডারসন ১৯৮২ সালের ৩০ জুলাই ল্যাঙ্কাশায়ারের বার্নলে এলাকায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন এবং ১৭ বছর বয়সে তিনি ল্যাঙ্কাশায়ার লিগের দ্রুততম বোলারদের একজন ছিলেন। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পরের বছর হয় টেস্ট অভিষেক। ক্যারিয়ারে ১৯৪ ওয়ানডেতে নিয়েছেন ২৭৩ উইকেট আর ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৩টি উইকেট নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত