ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে লোকেশ রাহুলকে পেতে চায় নাইট রাইডার্স

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৪ পিএম

আইপিএলের গত মৌসুমে চোখ কপালে ওঠা দামে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ২৩ কোটি ৭৫ রাখ রুপির এই অল-রাউন্ডার গত মৌসুমে করেছেন মাত্র ১১ ম্যাচে ১৪২ রান। পুরো টুর্নামেন্টেই তিনি যেন কলকাতার অনেকটা বোঝা হয়ে ছিলেন। এবার তাকে ছেড়ে দিয়ে লোকেশ রাহুলকে দলে নেওয়ার চেষ্টায় আছে নাইট রাইডার্স।

ভারতের গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ বলেছে, বর্তমানে আইপিএলের ট্রেড উইন্ডো খোলা আছে এবং দলগুলো পরের মৌসুমের জন্য অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ পাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর খেলোয়াড় ট্রেডিং উইন্ডো শুরু হয়, যা চলতে থাকে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কলকাতা।

লোকেশ রাহুল গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। নিয়মানুযায়ী, কলকাতার রাহুলকে নিতে হলে দিল্লিকে কাউকে দিতে হবে। অথবা নগদ অর্থ দিয়ে নিতে হবে। শোনা যাচ্ছে, ভেঙ্কটেশ আইয়ারকে দিল্লিতে পাঠিয়ে নাকি রাহুলকে আনতে চায় কলকাতা। আরও উপায় অবশ্য আছে। গত মৌসুমে রাহুল দিল্লিতে খেলেছেন ১৪ কোটি রুপিতে। তাকে নগদ অর্থের বিনিময়েও দলে নিতে পারে কলকাতা। পুরো বিষয়টি নির্ভর করছে দুই পক্ষের সমঝোতার ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত