ব্রাজিল তারকা নেইমার নিঃসন্দেহেই তার ক্যারিয়ারের সেরা সময় ফেলে এসেছেন। ইউরোপ, এশিয়া ঘুরে খেলছেন নিজ দেশের ক্লাব সান্তোসে। বারবার হানা দিচ্ছে ইনজুরি। জাতীয় দলে খেলেন না সেই কতদিন হয়ে গেল। সেই নেইমার আরেকটি রেকর্ড নিজের করে নিতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে টানা ৮ বছর নিজের অবস্থান ধরে রাখার এই রেকর্ডে আর কেউ নেই।
২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করে দলে নেয় পিএসজি। এর মাধ্যমে দলবদলের বাজারে তৈরি হয় নতুন রেকর্ড। তার আগ পর্যন্ত জুভেন্তাস থেকে ১০৫ মিলিয়ন বা ১০ কোটি ৫০ লাখ ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া পল পগবাই ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড়। নেইমার তার রেকর্ড ভেঙেছেন তো বটেই, টানা আট বছর সেই রেকর্ড নিজের করে রেখেছেন!
সবচেয়ে বেশি সময় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে থাকার রেকর্ড ছিল ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের। ২০০১ সালে জুভেন্তাস থেকে ৭ কোটি ৭৮ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর ৭ বছর ১১ মাস ২৭ দিন পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। জিদানের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন নেইমার। আগামী ৩ আগস্ট তার দামি খেলোয়াড় হওয়ার ৮ বছর পূর্ণ হবে।
এই তালিকায় আছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার নাম। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে ৯ কোটি ৪০ লাখ ইউরোতে যোগ দিয়ে ৪ বছর ১ মাস ২৬ দিন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন সিআরসেভেন। আর ১৯৮২ সালে আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে ৭৩ লাখ ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়ে চার বছর সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ম্যারাডোনা।
'জিনাতের বিপক্ষে ও যে তিন রাউন্ড খেলছে সেই অনেক', বোনকে নিয়ে আফিদা
বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে জোড়া গোল করলেন ইয়ামাল
গাভাস্কারকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ড ভাঙার পথে শুবমান